পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকের বাজার স্থিতিশীল রাখতে সীতাকুণ্ড পৌরসদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রি ও ক্রয়ের রসিদ প্রদর্শন করতে না পারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা প্রদান করে। আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রি করার দায়ে ক্লাসিক কালেকশন এবং পোশাক বাজার নামে দুটি কাপড়ের দোকানকে যথাক্রমে ৪০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্রেতাদের কাছ থেকে পোশাকের অতিরিক্ত মূল্য রাখা এবং কাপড় ক্রয়ের সুনির্দিষ্ট তথ্য ও রসিদ প্রদর্শন করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কাপড়ের দোকান দুটিকে জরিমানা করা হয়েছে। ঈদের বাজার স্থিতিশীল রাখতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।












