যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের কেন্দ্রস্থলে খাদ্য উৎসবে গুলিবর্ষণের এক ঘটনায় তিনজন নিহত ও কোলের শিশুসহ চারজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববারের ঘটনার এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে তারা। খবর বিডিনিউজের।
দ্বিতীয় আরেক সন্দেহভাজন ঘটনায় জড়িত বলে বিশ্বাস তাদের। রোববার রাতে এক মিডিয়া ব্রিফিংয়ে সিয়াটল পুলিশ বিভাগের উপপ্রধান টাইরন ডেভিস জানান, কর্মকর্তারা ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।
অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ওই যৌথ মিডিয়া ব্রিফিংয়ে থাকা সিয়াটলের মেয়র কেটি উইলসন বলেন, সিয়াটল সেন্টারে আজ যা ঘটলো তা এক মর্মস্পর্শী শোচনীয় ঘটনা।
এটি ভয়াবহ সহিংস ঘটনা। আমাদের শহরে ও দেশে বন্দুক সহিংসতার মাত্রা অনেক বেশি। মাত্র এক সপ্তাহ আগেই সিয়াটলে পর পর কয়েকদিনের মধ্যে বন্দুক সহিংসতার তিনটি বড় ঘটনা ঘটেছে। কী কারণে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কর্মকর্তারা কিছু বলেননি বলে রয়টার্স জানিয়েছে। পুলিশ কর্মকর্তা ডেভিস জানিয়েছেন, যে সন্দেহভাজন তাদের হেফাজতে আছে সে একজন তরুণ ব্যক্তি। তবে তিনি আর কিছু জানাতে রাজি হননি। আর যে সন্দেহভাজন পালিয়ে আছে তার বিষয়ে কোনো বর্ণনা তাদের কাছে নেই বলেও জানান তিনি।
এর আগে স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল, গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
ডেভিস জানান, আহত একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। এতে মোট মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। হাসপাতালে থাকা আহত অপর চারজনের অবস্থা স্থিতিশীল আছে। তিনি বলেন, ঘটনাস্থলে দুই ব্যক্তি একে অপরের দিকে গুলিবর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা মনে করি এই মুহূর্তে আর কোনো হুমকি বিরাজ করছে না। আমাদের কাছে একজন সন্দেহভাজন আছে আর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেভিস জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে। তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা সিয়াটল টাইমসকে জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তারা বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন। পুলিশ জানিয়েছে, খাদ্য উৎসব এলাকায় গুলির শব্দ শোনার পরপরই সেখানে গিয়ে তারা এক বন্দুকধারীকে আটক করে।











