সিসিটিভি ফুটেজে শনাক্ত, একজনকে গ্রেপ্তার

ডিডিএন কার্যালয়ে হামলা-ভাঙচুর

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরায় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় মো. রাজ্জাক প্রকাশ চিকনা রাজু (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্জাক ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজী বাড়ির আলমগীর ফরাজীর ছেলে। তিনি চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, চন্দনপুরায় ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় সিসিটিভি ফুটেজে শনাক্ত করে মো. রাজ্জাক প্রকাশ চিকনা রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ডিডিএন কার্যালয়ে হামলা চালায়। নগরের চন্দনপুরা এলাকায় মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে হামলাকারীরা আসবাবপত্র, কাচের দরজা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ১৩ জুলাই চকবাজার থানায় মামলা হয়।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন জানান, ডিডিএন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করে রাজ্জাককে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় অপ্রতিম হত্যায় দুই কিশোর সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
পরবর্তী নিবন্ধনতুন দিগন্তে কক্সবাজার বিমানবন্দর