কিছুদিন আগেই শেষ হয়েছে সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের সফল আয়োজন। চট্টগ্রাম লিগের দশটি দলকে নিয়ে আয়োজিত হয়েছিল ঐ টুর্নামেন্টটি। এবার সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে শুরু হতে যাচ্ছে সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২ মার্চ হতে মাঠে গড়াবে টুর্নামেন্টের খেলাগুলো। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব খেলা। সিজেকেএস আয়োজিত সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে নিয়ে হবে এ আয়োজন। উল্লেখ্য এ টুর্নামেন্টে শেষ হয়ে যাওয়া সিসিএস ক্লাব কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে যে সব ক্রিকেটার ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরীতে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু ড্রাফট পদ্ধতিতে কোন ক্লাবের পক্ষে অংশগ্রহণের সুযোগ পাননি সে তালিকা হতে ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরী হতে ২ জন করে মোট ৪ জন, সিজেকেএস আয়োজিত সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে নিবন্ধিত খেলোয়াড় হতে ১২ জন এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা যারা বিসিবি আয়োজিত বিভিন্ন বয়সভিওিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বা ট্রায়ালে ছিলেন অথচ সিজেকেএস আয়োজিত কোন পর্যায়ে ক্রিকেট লিগে অংশগ্রহন করেননি বা নিবন্ধিত হননি এ ধরনের ২ জন খেলোয়াড় দলভুক্ত হবেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২২ টি ক্লাবের পক্ষে। অর্থাৎ বর্ণিত ক্যাটাগরী মোতাবেক সর্বমোট ১৮ জন খেলোয়াড অংশগ্রহণকারী দলসমূহ দলভুক্ত করতে পারবে। অংশগ্রহণকারী দলসমূহ নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় সিজেকেএস কনফারেন্স রুমে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এসময় গ্রুপের লটারী অনুষ্ঠিত হবে এবং দলসমূহের মধ্যে খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম বিতরণ করা হবে।
উক্ত সভায় অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম।











