সিমেন্ট সরবরাহের নামে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

রাউজানের সিমেন্ট সরবরাহের কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় মোছলেহ উদ্দিন সেলিম (৫৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরের লালখান বাজার এলাকার বাসিন্দা এবং স্টিল প্লাস নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটি ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের অনুমোদিত ডিলার বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রাউজানের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মেসার্স মাজেদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাদী হাসান মোহাম্মদ রাসেলের দায়েরকৃত প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন জসিম উদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন মিয়া। তারা জানান, গত বৃহস্পতিবার বিকেলে নগরের আকবর শাহ এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। এজাহারে ধৃত সেলিম ছাড়াও মো. নাছির ও শাহনেওয়াজ কবির নামে আরও দুজনকে আসামি করা হয়েছে। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্র মতে, মাজেদা এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে স্টিল প্লাসের মাধ্যমে ন্যাশনাল সিমেন্ট কিনে ব্যবসা পরিচালনা করে আসছিল। ব্যবসায়িক সম্পর্কের সূত্রে প্রতিষ্ঠানটিকে ন্যাশনাল সিমেন্টের ডিলার কোডও দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ৩ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে সিমেন্ট কেনার জন্য ন্যাশনাল সিমেন্টের বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জমা দেন বাদী। এর বিপরীতে ৪২ লাখ ৮২ হাজার ৫০০ টাকার সিমেন্ট বুঝে পান তিনি। তবে বাকি ৪৪ লাখ ৬৫ হাজার ৬৭৮ টাকার সিমেন্ট সরবরাহ করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।

এজাহারে আরও বলা হয়, পরে ন্যাশনাল সিমেন্টের কার্যালয়ে গিয়ে বাদী জানতে পারেন, তার পাওনা সিমেন্ট অন্যত্র সরবরাহ করে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাসান মোহাম্মদ রাসেল ১৪ নভেম্বর থানায় এজাহার দায়ের করেন। এতে আসামিদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোরগ পোলাও খাইয়ে অচেতন করে দুই হাজার ভরি গয়না চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধইউপি ভোট : দলের সঙ্গে ইসির সংলাপ শুরু আজ