এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এসে বাংলাদেশের চাওয়া ফুটে উঠল শেখ মোরসালিনের কণ্ঠে। তরুণ এই ফরোয়ার্ড জানান, চাপ না নিয়ে নির্ভার থেকে সেরা ফল তুলে নিয়ে বাছাই শেষ করা তাদের একমাত্র লক্ষ্য। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে ঢাকায় ২–১ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। বাছাই পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। ৫ ম্যাচে এক জয় দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। সবগুলো দলেরই বাকি আছে একটি করে ম্যাচ। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে সিঙ্গাপুর পৌঁছে শনিবার প্রথম অনুশীলন সেরেছে দল। অনুশীলনের ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় মোরসালিন বলেন, প্রতিপক্ষের মাঠে ভালো ফল পাওয়ার চাপ অনুভব করছেন তারা। ‘আবহাওয়া আমাদের বাংলাদেশের মতোই। সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। চাপ থাকবে। কিন্তু আমাদের চেষ্টা থাকবে চাপ না নিয়ে কীভাবে ভালো করা যায়। আমাদের অ্যাওয়ে ম্যাচগুলোর রেকর্ড ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে জিততে পারি তাহলে আমরা গ্রুপে দ্বিতীয় হয়েও শেষ করতে পারব। ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মানসিকভাবে খুবই প্রস্তুত।’ ‘আমরা চেষ্টা করব ভিয়েতনাম ম্যাচে যে ভুলগুলো ছিল, ওগুলো শিখে আমরা এই ম্যাচে তা কাজে লাগাবো। যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। লক্ষ্য এখন আমাদের এই ম্যাচ নিয়েই। আমরা সবাই খুব ইতিবাচক। আমরা মানসিকভাবে ওভাবেই প্রস্তুত এবার।’
সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণের অভিজ্ঞ সেনানী তপু বর্মন, আক্রমণভাগের নির্ভরতা রাকিব হোসেনকে কার্ডের খাড়ায় পাচ্ছে না বাংলাদেশ। বাকিদের এই কমতিটুকু পুষিয়ে দিতে হবে বলে মনে করেন মোরসালিন। প্রতিপক্ষের মাঠে দেশী সমর্থকদেরও পাশে পাওয়ার আশা করছেন তিনি। ‘আমরা এখানে অবশ্যই জেতার জন্যই এসেছি। আমরা যেন জিততে পারি তার জন্য প্রবাসী দর্শকদের কাছে দোয়া চাই আমরা এবং দেশবাসীর কাছেও দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা এবং সুন্দরভাবে বাংলাদেশে জিতে ফিরতে পারি।’











