সিএমপির সোয়াত সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সোয়াত সদস্যদের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল সোমবার সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ ও সক্ষম সদস্য হিসেবে গড়ে তুলতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সোয়াত সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রশিক্ষণের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে আয়ত্ত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন এবং ভবিষ্যতে যেকোনো সংকটময় পরিস্থিতিতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। সিএমপি সূত্র জানায়, বিশেষায়িত ইউনিট হিসেবে সোয়াত সদস্যদের দায়িত্ব পালনে শারীরিক সক্ষমতার পাশাপাশি পরিস্থিতি বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দলগত সমন্বয় ও কঠোর শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে সদস্যদের প্রস্তুত করতেই প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং এবং উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে জ্ঞানভিত্তিক ইকোনমির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধআলমগীর খানকাহ শরীফে পীর সাবির শাহ’র সঙ্গে গণমাধ্যমকর্মীদের সৌজন্য সাক্ষাৎ