কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক ও পরীক্ষা কমিটির আহ্বায়ক ম. সফিউজ্জামান স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নোটিশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। তবে স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। জানতে চাইলে তিনি দৈনিক আজাদীকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্দেশে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যাচাই–বাছাই শেষে যোগ্য বিবেচিত ২ হাজার ৯৮৭ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৫২১ জন অংশ নেন। বিধি অনুযায়ী পরীক্ষার পরদিনই ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পরে সেটি নিয়ে সমালোচনা হলে ১৫ দিন পর ১ জুন ফল প্রকাশ হয়। ৮০ নম্বরের পরীক্ষায় ৪০ বা তার বেশি নম্বর পেয়ে ২১০ জন উত্তীর্ণ হয়। পরবর্তীতে গত বুধবার ২১ থেকে ২৫ জুনের মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু একদিনের মাথায় সেটি স্থগিত করা হলো। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে জানানো হয় বিজ্ঞপ্তিতে।












