কমিশন বাড়ানো, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। গতকাল সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. সেলিম খান।
তিনি বলেন, আগামী ১৫ তারিখ বৃহস্পতিবার এবং ১৬ তারিখ শুক্রবার–এই দুই দিন আমাদের সারা বাংলাদেশে সব গ্যাসের দোকানপাট বন্ধ ঘোষণা করা হলো। খবর বিডিনিউজের।
এ দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজির দোকান বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দেন সেলিম খান। তিনি বলেন, পাঁচ বছর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের জন্য সিলিন্ডারপ্রতি ৫০ টাকা কমিশন নির্ধারণ করেছিল। কিন্তু এর মধ্যে জ্বালানি তেলের দাম, পরিবহন খরচ, সিলিন্ডার ওঠানো–নামানোর খরচ, গুদামভাড়া ও লাইসেন্স ফি বেড়েছে। এসব কারণে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা বিক্রয়মূল্যের ৭ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।












