সাফের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের মেয়েরা

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:৫০ পূর্বাহ্ণ

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬এর প্রস্তুতি সারতে ভারতের গোয়ায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গতকাল সোমবার সকালে ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের অনুশীলন সেশন সম্পন্ন করেন লালসবুজের প্রতিনিধিরা। মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এই সেশনে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়েছেন। এদিন সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলা অনুশীলনের শুরুতেই ছিল ওয়ার্মআপ। এরপর পাসিং ড্রিল এবং পজেশনভিত্তিক গেমের ওপর জোর দেওয়া হয়। সবশেষে দুটি দলে ভাগ হয়ে ৩০ মিনিটের একটি প্রস্তুতি ম্যাচ খেলেন মেয়েরা। দলের এই ট্যাকটিক্যাল কাজের বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন। অনুশীলনের পর তিনি বলেন, ‘আজকে ট্রেনিংয়ে আমরা ‘ফেজ অব প্লে’তে ছিলাম। আমাদের ট্যাকটিক্যাল কাজগুলো হয়েছে আমরা কীভাবে ডিফেন্ডিং করবো এবং কীভাবে অ্যাটাকিং করবো। বল পায়ে থাকা অবস্থায় এবং বল ছাড়া দলের শেপটা কীভাবে ঠিক রাখবো, কোচ সেটা নিয়ে অনেকবার কাজ করেছেন। আজকে এটা নিয়েই আমাদের বেশি কাজ হয়েছে।’ সাফের আগে থাইল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প যে দারুণ কাজে দিয়েছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এই সহকারী কোচ। খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘থাইল্যান্ডে আমাদের ক্যাম্পটা খুব ভালো হয়েছে। সেখান থেকে আমাদের মেয়েরা বুঝতে পারছে যে আমরা কী করতে চাচ্ছি এবং সাফে আমরা কী করবো। মেয়েরা খুব হার্ডওয়ার্ক করছে। ভালো করার জন্য মেয়েরা অনেক স্ট্রাগল করছে এবং এখন সবাই ম্যাচ খেলার জন্য উদ্দীপ্ত হয়ে আছে।’

দলের জন্য স্বস্তির খবর হলো, স্কোয়াডের সবাই পূর্ণ সুস্থ আছেন এবং বর্তমানে দলে কোনো ইনজুরির সমস্যা নেই। দিনের শেষ ভাগে টিম হোটেলে পুল রিকভারি সেশনও সম্পন্ন করেছেন খেলোয়াড়রা। নিজেদের প্রস্তুতির পাশাপাশি প্রতিপক্ষের দিকেও কড়া নজর রাখছে বাংলাদেশ। আবুল হোসেন জানান, প্রতিপক্ষের খেলা বিশ্লেষণ করেই পরবর্তী কৌশল সাজাবেন তারা। আজ ২৬ মে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে নিজেদের পরবর্তী অনুশীলন সেশন করবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি পেসারদের প্রশংসা ডোনাল্ডের মুখে
পরবর্তী নিবন্ধনাইনটিজ উইলোর বিশাল জয় জিতেছে চিটাগাং রয়েলসও