সাজেক পর্যটন কেন্দ্র খুলে দিতে ব্যবসায়ীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

সাজেক পর্যটন কেন্দ্র ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের সরকারি কলেজ গেটের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।

পরে শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘আঞ্চলিক দুই সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্প। অক্টোবর থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে দফায় দফায় অবরোধের কারণে বিপাকে পড়েছেন সাজেকে বেড়াতে আসা পর্যটকেরা। সাজেক বন্ধ হওয়ার কারণে বেকার হয়েছেন হোটেল –রিসোর্ট কর্মচারী, পরিবহন শ্রমিকসহ খাত সংশ্লিষ্টরা।

যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, ‘পর্যটন এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি। পর্যটন বন্ধ হলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন। কয়েকদিন পর পর এমন অবরোধ কর্মসূচির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত সাজেক পর্যটন কেন্দ্র খুলে দিতে হবে। কালকেও আমরা একই দাবিতে বিক্ষোভ করব।’

ই–ট্যুরিজম এসোসিয়েশন বাংলাদেশ (ইটাব) এর সদস্য উজ্জ্বল দে বলেন, ‘সাজেক কার্বারি এসোসিয়েশনের মতো নাম সর্বস্ব একটা প্রতিষ্ঠান একটা প্রেস রিলিজ দিয়ে অবরোধের ডাক দিয়ে দিচ্ছে। দুই আঞ্চলিক সংগঠনের বিরোধের জেরে আমরা ব্যবসায়ীরা বলি হচ্ছি। কয়েকদিন পর পর আন্দোলন কর্মসূচির কারণে আমরা যারা পর্যটনে বিনিয়োগ করছি তারা লোকসানের মুখে পড়ছি। আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের কারণে পর্যটকেরা আতংকের মধ্যে আছেন। দেশের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক অবিলম্বে খুলে দিতে হবে। দ্রুত অবরোধ প্রত্যাহার না করলে আমরা আরো বড় আন্দোলন কর্মসূচি দিতে হবে।’ এসময় আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলেনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা মো.মাসুম প্রমুখ।

উল্লেখ্য, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠনের তিন দফা দাবিতে শুক্রবার সাজেকে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলেছে। তবে অবরোধের দ্বিতীয় দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে কাউকে অবরোধের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। এর আগে গত

বৃহস্পতিবার অবরোধের সমর্থনে উজোবাজারে অবস্থান নিয়ে সড়ক ব্যারিকেড দিলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতের ঘটনা ঘটে। পর্যটকদের নিরাপদে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খাগড়াছড়ি শহরে পৌঁছে দেন।

পূর্ববর্তী নিবন্ধচালকই পরিকল্পনাকারী, চকরিয়া ও বান্দরবানে মিলল লুণ্ঠিত চিনি
পরবর্তী নিবন্ধপাহাড়ে অস্থিরতায় পর্যটনখাতে ঝুঁকি সাজেকে বাতিল হচ্ছে অগ্রিম বুকিং