সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ঢাবির ভিসি

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের আমন্ত্রণে অতিথি হয়ে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আরেফিন নগর পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন। সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী প্রমুখ। ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতায় গবেষণা ও প্রকাশনা খুব গুরুত্বপূর্ণ। গবেষণা কাজে এগিয়ে থাকলে প্রতিষ্ঠানও এগিয়ে যাবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট পার্থক্য করার সুযোগ নেই। সব বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এক ও অভিন্ন তা হলো গবেষণা ভিত্তিক জ্ঞান আহরণ ও বিতরণ। আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি তাহলে দেশ এমনিতেই এগিয়ে যাবে। জীবনকে এমনভাবে গঠন করতে হবে যাতে চেয়ার চলে গেলেও মানুষের হৃদয়ে থাকা যায়। তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠান তৈরি করা অনেক কঠিন এবং এটি টিকিয়ে রাখা আরও বেশি কঠিন। সাউদার্ন ইউনিভার্সিটি সেই ছোট্ট পরিসর থেকে আজ বৃহত্তর পরিসরে আসাটা সহজ ছিল না। আশাকরি সব প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ব পরিমণ্ডলে সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণায় অনেক দূর এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী গোমদণ্ডী পাইলট স্কুলের প্রথম পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধদরবারে ওয়াজেদিয়া ও আতিকিয়ায় দোয়া মাহফিল