সীতাকুণ্ড ও চট্টগ্রাম মহানগরীর কয়েকটি থানার বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচাকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব–৭ এর একটি অভিযানিক দল। গত শুক্রবার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় পরিচালিত সন্ত্রাস বিরোধী এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, ভূমি দখলসহ নানা অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সাদ্দামের সন্ত্রাসী কর্মকাণ্ডে চট্টগ্রাম মহানগরী ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ অতীষ্ঠ। সাদ্দাম সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড–ইন–কমান্ড হিসেবে পরিচিত।
র্যাব জানায়, র্যাব–৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে– এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার র্যাবের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনীর আরেফিন নগর এলাকার আব্দুল করিমের ছেলে সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবলমুরিং, বায়েজিদ বোস্তামি ও আকবর শাহ থানায় ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহনগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন।














