সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত : আমির

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

দেশ ও জনগণের কল্যাণে সরকারি দল চাইলে জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও রয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জামায়াত আমির বলেন, অতীতে এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশবাসী যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না, সুখেদুঃখে আপনাদের পাশেই থাকবো। খবর বাসসের।

সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, আগামীকাল (মঙ্গলবার) সংসদ সদস্যদের শপথ গ্রহণের থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হবে, এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে। আমরা যদি দায়বদ্ধতার সাথে কাজ করি, চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা আশা করি এটা উৎরাতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধআরও ৪৫৯ অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করলেন মেয়র
পরবর্তী নিবন্ধনতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি