বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামসহ বিভিন্ন শিক্ষাক্রমের বই সময়মতো পৌঁছে দেওয়াসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মো. পারভেজ খানের সঞ্চালনায় ও পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, গোলাম আজম লিটন ও বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। এছাড়া ১০ দফা দাবি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন সরকারি কমার্স কলেজের আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল, নুরুল হুদা এবং সদস্য সচিব সাদমান মাহী। বিভিন্ন কলেজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিটি কলেজের ফাহিম, সাজিয়া ও মনি; মহসিন কলেজের জান্নাত, নাসিমা, রুবেল, মোস্তফা ও আরিফ; চট্টগ্রাম কলেজের সিহাব ও রাখী; সরকারি মহিলা কলেজের নাহিদুল; ব্যারিস্টার কলেজের ইসরাত; এনায়েত বাজার মহিলা কলেজের অনু চিং মারমা; বিজয় স্বরণী কলেজের আরজু এবং চট্টগ্রাম মডেল কলেজের আরিফ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির সময় বইয়ের জন্য প্রয়োজনীয় অর্থ নেওয়া হলেও এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীরা এখনো হাতে বই পাননি। অথচ নির্ধারিত ২০টি ক্লাসের মধ্যে ইতোমধ্যে তিনটি ক্লাস অনুষ্ঠিত হয়ে গেছে। বই ছাড়া পাঠদান ও যথাযথ প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পূর্ণাঙ্গ সিলেবাস পৌঁছে দেওয়ারও দাবি জানান তারা।
সময়মতো বই সরবরাহ করা ছাড়াও শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে– এসএসসি–এইচএসসিসহ বিভিন্ন প্রোগ্রামের যেসব শিক্ষার্থী পরবর্তী কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের রেজিস্ট্রেশনের সুযোগ, আগাম সিলেবাস প্রকাশ, ক্লাসের সংখ্যা বৃদ্ধি, সারাদেশে সমন্বিত পাঠদান, ফলাফল সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি, যোগ্য কর্মকর্তার দায়িত্ব নিশ্চিতকরণ, শিক্ষার্থীসেবায় জনবল বৃদ্ধি, বাউবির বিভিন্ন অফিসে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা এবং মোবাইল বার্তার মাধ্যমে তথ্য প্রদান নিশ্চিত করা। প্রেস বিজ্ঞপ্তি।












