সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুইদিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত রোববার সন্ধ্যায় সমাজসেবা কমপ্লেক্স রউফাবাদ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম ও খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের প্রাক্তন অতিরিক্ত পরিচালক বন্দনা দাস। প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম তাঁর বক্তব্যে বলেন, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানের তাঁর বক্তব্যে বলেন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি শিশুদের শরীর ও মনকে সতেজ রাখে। বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য দেখিয়ে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয় সরকারি শিশু পরিবার (মিশ্র), খাগড়াছড়ি এবং রানার্সআপ হয় সরকারি শিশু পরিবার (বালিকা), ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সকল উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ১৯টি প্রতিষ্ঠানের ৭৫৭ জন প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ দৃঢ়তা দেখিয়েছে