রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী গতকাল রোববার কাপ্তাই চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল পরিদর্শন করেছেন। তিনি কেপিএম কারখানা ঘুরে দেখেন। প্রায় ৭৫ বছরের পুরাতন হলেও কেপিএম কারখানা এখনো উন্নত মানের কাগজ উৎপন্ন করে যাচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে দীর্ঘ সময় ধরে কেপিএমের উৎপাদন বন্ধ রয়েছে। কিভাবে এই কারখানাকে পুনরায় সচল করা যায় সে ব্যাপারে ব্যাবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কেপিএম অতিথি ভবনে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বৈঠকের শুরুতেই জেলা প্রশাসক নাজমা আশরাফী কারখানা পুরোদমে সচল করতে কি কি সমস্যা বিরাজ করছে তা জানতে চান। এইসাথে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও তিনি বিশদভাবে অবহিত করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, কর্ণফুলী পেপার মিল দেশের একটি জাতীয় সম্পদ। রাঙামাটি জেলায় এই কারখানার অবস্থান বিধায় এর উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসনের দায় রয়েছে। তিনি বলেন, সরেজমিন পরিদর্শন করে কেপিএমের সার্বিক সমস্যা প্রত্যক্ষ করেছি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের উপায় সম্পর্কেও অবহিত হয়েছি। কেপিএমের স্বার্থে সামগ্রিক বিষয় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচরের জন্য অচিরেই উপস্থাপন করা হবে। আশা করি প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।














