সবুজ লালে মিশেল মানচিত্র

জেসমীন আরা জেসী | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

সবুজের মাঝে লাল বৃত্তের মানচিত্র আমার

আবেগ ভালোবাসার মিশেলে গড়া তুমি,

তোমাতে জুড়াই প্রাণ, তোমারি গাহি গান।

শান্তির বারতা বুকে জুড়ে নিয়ে

দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তোমায়।

হোঁচট খেয়ো না অজাতেঅবুঝে

ছুটে চল দৃঢ় দীপ্ত পায়ে,

তুমিই তো অহংকারের, তুমিই তো গৌরবের;

কালো থাবা রুখে দাও এই দুঃসময়ে।

সত্যকে তুলে ধর মরুর তপ্ত চোখে নিয়ে

ঝাঁঝরা করে দাও যত্রতত্রের

সমস্ত মিথ্যাঅপশক্তিকে

বিবাদবিভেদকে দূরীভূত করে

জ্বলে ওঠো আপন শক্তিতে।

চূর্ণ করে ফিরে এসো পললের

কোমল সেই চিরচেনা রূপে।

অপেক্ষায় আমি, আমরা, আমাদের মতো

আরো নিরীহ, সরস, সহজের যত প্রাণ,

আরেকটিবার তুমি জেগে ওঠো

স্বীয় মহিমায় আমার প্রিয় ভূমি।

আমরা আমাদের অনাগত প্রজন্মকে জানাতে চাই

তোমরা নিরাপদ, তোমরাই হবে বিশ্বের

সবচেয়ে সুখি পৃথিবীর মানুষ।

এসো ঐক্যের জন্মভূমি, এসো শান্তির পায়রা উড়িয়ে

তোমারি প্রতীক্ষায়—-

উন্মূখ হয়ে আছে এক সতেজ প্রাণের নবীন দল।

পূর্ববর্তী নিবন্ধআমিরাবাদ-সেনেরহাট সড়ক সংস্কার চাই
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের প্রারম্ভে পরিবারের একটি করুণ স্মৃতি!