সবার আগে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে

হাসান মনসুর | সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

কিছু লোক রাজনীতি করতে এসে ভুলে যায় ঘরে তাদের মা বোন আছে। তার কন্যা সন্তান বা অন্য সদস্যরা স্কুলে কলেজে বন্ধুদের সাথে মজা করে, ক্লাস পার্টি করে, শিক্ষা সফরে যায় তাদেরও একটা নিজস্ব পরিবেশ আছে। তাদের আনন্দের মুহূর্তের ভিডিও কপি করে তা রাজনৈতিক উদ্দেশ্য হেয় করার উদ্দেশ্য পোস্ট করা কোনো সভ্য মানুষের কাজ হতে পারেনা। রাজনীতি করি বলে আমাদের প্রাইভেসি, পারসোনাল লাইফ থাকতে পারবে না? আমাদের সন্তান পরিবারের সদস্যরা জীবনকে উপভোগ করবে না? ফেসবুকে যেটা ইচ্ছে সেটা পোস্ট করতে হবে নিজে বিকৃত আনন্দ পেতে বা আরেকজনকে হেয় করতে। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের বন্ধুদের সঙ্গে ক্লাবে আনন্দ করার পুরাতন ভিডিওটি যারা শেয়ার করেছেনতা নিছক নোংরামি। এতো পুরানো ভিডিও এখন কেন ছাড়তে হলো? কি উদ্দেশ্যে? দীর্ঘ ১৮ মাস পর দেশব্যাপী এক শ্বাসরুদ্ধকর অবস্থা ছিলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও আওয়ামীলীগের উপর। বাহিনীর জুলুম অত্যাচারের পর নির্বাচনের পরদিন থেকেই দেশের মুক্তিকামী সাধারণ মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে। দীর্ঘদিন পর তারা নিজেদের রুটি, রুজি, রিজিকের জন্য চেষ্টা করছে মব আতংক কাটিয়ে। রাজনীতি ঘড়ির কাঁটার মতো, ঘুরতেই থাকে কেউ আজ রাজা কাল অন্যজন। অহংকার জোর জুলুম করে কেউ টিকতে পারেনা এটাই ইতিহাসের শিক্ষা। এসব ছবি পোস্ট করে যারা একটি মহল চায় বিএনপির সাথে আওয়ামী লীগের রেষারেষি চলতে থাকুক। রাজনৈতিক সংগ্রাম ও প্রতিযোগিতা হবে আদর্শেরহিংসাত্মক আচরণ বা নোংরা ছবি দিয়ে না। এখানে কম্প্রোমাইজ করার সুযোগ নেই তাই বলে উস্কানীমুলক পোস্ট করে পরিস্থিতিকে জটিল করা ঠিক না। এদেশের রাজনীতির সমীকরণ মানুষ বুঝে গেছে মুক্তিযুদ্ধ ১৯৭১ এর পক্ষে একটি অংশ, আরেকটি ১৯৭১ ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তাই সবাইকে সজাগ থাকতে হবে, ভদ্র আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে যাতে পরাজিত শক্তি পরাজিত থাকে সবসময়।

নিজেকে সবার আগে মানুষ ভাবতে হবে, রাজনৈতিক হিংসা থেকে যেন আমরা অমানুষে পরিণত না হই। কারো অশ্লীল ছবি দিয়ে, তার চরিত্র হনন করে নিজেকে অতি বিপ্লবী ভাবা ঠিক না। রাজনীতি হচ্ছে পরস্পরকে সম্মান করা, দেশ ও মানুষের মর্যাদা দেয়া কাউকে নীচে নামানো নয়। এসব করলে প্রকৃতির বিচারে আরেকজন আপনার প্রিয়তম সন্তান, কন্যা স্ত্রীকেও হেয় করবে একদিন। সবার আগে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। তবেই সমাজ ও দেশটা সুন্দর হবে।

পূর্ববর্তী নিবন্ধবয়ে বেড়াচ্ছি দুঃসহ স্মৃতি
পরবর্তী নিবন্ধব্যাংক বাঁচলে বাঁচবে দেশ