শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বাভাবিক মৃত্যু নয় দাবি পরিবারের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাতালশাহ পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া সিদ্দিকা ওই এলাকার সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী এবং স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম প্রকাশ একুশ কোম্পানির মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কাতালশাহ পাড়ার আবুল কাশেম বাড়ির আবু বক্করের ছেলে ওমর ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্কের ভিত্তিতে সুমাইয়ার বিয়ে হয়। বর্তমানে তার স্বামী সৌদি আরব প্রবাসী। দম্পতির কোনো সন্তান ছিল না। নিহতের বাবা নজরুল ইসলাম জানান, পারিবারিক কোনো বড় ধরনের কলহ বা বিরোধ না থাকলেও শ্বশুরবাড়িতে এনজিওর ঋণসংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝামেলা চলছিল। বুধবার দুপুর দেড়টার দিকে প্রতিবেশীর মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে যান এবং বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান। এটি স্বাভাবিক মৃত্যু নয় দাবি করে তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক আবু নাছেরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামিন পেয়েও ঘরে ফেরা হলো না সেই শিশুর
পরবর্তী নিবন্ধআসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক