শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

| রবিবার , ১ জুন, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো’ শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় গতকাল তিনি এ কথা জানান। আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার।

এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম (কোর্ট প্রসিডিংস) ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। বিষয়টি গতকাল জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। খবর বাসসের।

শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে। এ সময় ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে।

চিফ প্রসিকিউটর জানান, বিচারের ক্ষেত্রে তারা খুবই সাবধানতা অবলম্বন করছেন। বিচারে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, যেগুলো অতীতে হয়েছে, সেগুলো যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। জুলাই–আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কাল (আজ) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে চিফ প্রসিকিউটর জানান।

১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওইদিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, জুলাই–আগস্টের আন্দোলনে নির্বিচারে ১৪শর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে অপরাধের প্রমাণ।

পূর্ববর্তী নিবন্ধঢাকার বদলে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করল ৪টি ফ্লাইট
পরবর্তী নিবন্ধবিজিএমইএ নির্বাচনে ফোরামের নিরঙ্কুশ জয়