শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন শ্রমিক, হাসপাতালে মারা গেল শিশুটিও

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

নগরীর দুই নম্বর গেট এলাকায় ১০ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন ওরফে মিন্টু নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর শিশুটিও মারা যায়। নিহত দেলোয়ার হোসেন ওরফে মিন্টু ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। শিশুটির নাম মো. রাহাত (১০)। সে নগরের দুই নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। একই সময়ে আরেক শিশুকে রক্ষা করতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আবদুর রহমান (৩০) নামের একজন আহত হন। তাকে একই হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় পাশের সড়কে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলায় পথচারীরা রেললাইন ঘেঁষে চলাচল করেন। গতকাল শুক্রবার দুপুরে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে কঙবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এঙপ্রেস ট্রেনের সামনে পড়ে যায় শিশু রাহাত। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যাওয়া দেলোয়ার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক বলেন, দুপুরের দুর্ঘটনায় মিন্টু নামে এক ব্যক্তি স্পটেই মারা যান। আহত শিশু রাহাত চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ