নগরীর কোর্টহিলে দুই শিশুকে রেখে নিরুদ্দেশ হওয়া মাকে খুঁজে পাওয়া যায়নি। যার কারণে শিশু দুটির ঠাঁই হয়েছে পথশিশুদের নিয়ে কাজ করা এনজিও অপরাজেয় বাংলাদেশে। পুলিশ তাদেরকে অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম জোনের ইনচার্জ জান্নাতুল ফেরদৌসের কাছে হস্তান্তর করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গতকাল রাতে আজাদীকে বলেন, ব্যাপক খোঁজাখুঁজি করেও শিশু দুটির অভিভাবককে পাওয়া যায়নি। এরই প্রেক্ষিতে মানবিক কারণে তাদেরকে অপরাজেয় বাংলাদেশের হেফাজতে দেওয়া হয়েছে।
গত সোমবার কোর্টহিলের আইনজীবী দোয়েল ভবনের সামনে এদিক–ওদিক ছোটাছুটি ও কান্নাকাটি করতে দেখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একজন দারোয়ান শিশু দুটিকে সমিতির অফিসে নিয়ে যান। সেখানে শিশু দুটি জানায়, তাদের একজনের নাম সাইরা, আরেকজনের নাম সাইমা। একজনের বয়স ৫ বছর, অপরজনের ৩। তাদের মায়ের নাম ডেইজি, বাবার নাম শহীদ। শহীদ টেম্পোচালক। তাদের বাড়ি মুন্সিরহাট। তবে কোন জেলা বা উপজেলার মুন্সিরহাট তারা বলতে পারেনি। মায়ের সাথে তারা কোর্টহিলে এসেছিল–এমনটা বললেও কোন সময়ে কোর্টহিলে এসেছিল এবং তাদের মা কেন তাদের ফেলে নিরুদ্দেশ হয়েছেন কিংবা তাদের মা হঠাৎ কোথায় চলে গেলেন, সেসব বিষয়ে তাদের কাছ থেকে কিছু জানা যায়নি।
আইনজীবী সমিতির তথ্য কর্মকর্তা জানিয়েছিলেন, শিশু দুটির কাছ থেকে তাদের অভিভাবকের বিষয়ে কোনো তথ্য না পেয়ে তাদেরকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।














