চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, মেধাবী জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। শিশু থেকে শুরু করে প্রবীণদেরও পুষ্টির প্রয়োজন। জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পুষ্টি সপ্তাহের (২৩–২৯ এপ্রিল) এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’। আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের মূল বিষয় উপস্থাপন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আবু সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের পরিচালক ইনসিটু উপপরিচালক ডা. কমরুল আযাদ, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস.এম নুরুল করিম ও চট্টগ্রাম জেলা সিভিল ডা. জাহাঙ্গীর আলম। আইসিডিডিআরবি, বিভাগীয় স্বাস্থ্য দপ্তর, পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধি, নার্সিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিও সমূহের প্রতিনিধিগণ র্যালি ও আলোচনা সভায় অংশ নেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।













