চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন আহমদ বলেছেন, আমার জন্য শিক্ষার্থীদের কষ্ট দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রেখে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজনের কোনো প্রয়োজন নেই। এ ব্যাপারে উপজেলার প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বরতদের সজাগ থাকতে হবে।
তিনি গত ২৮ মার্চ চন্দনাইশের জাফরাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৭১তম বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে যাওয়ার পথে মাদ্রাসার শিক্ষার্থীদের রাস্তার দুপাশে দাঁড় করিয়ে তাকে সংবর্ধনা দেয়ার দৃশ্য দেখে তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের দ্রুত রাস্তার পাশ থেকে মাদ্রাসায় চলে যেতে বলেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কোমলমতি শিক্ষার্থী। আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কোনো অতিথিকে বরণ করার প্রয়োজন নেই। এমপি তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখার মান যাতে বৃদ্ধি পায় তার জন্য শিক্ষকদের কষ্ট করতে হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি অধ্যাপক মনসুরুল আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সেলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুচ্ছফা, সিরাজুল ইসলাম সওদাগর, মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী প্রমুখ।














