শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে

কদলপুরে শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণকালে মুসলিম চৌধুরী

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করা একটি মহৎ উদ্যোগ। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষার পথ সুগম করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

তিনি গত ২১ অক্টোবর রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. মঞ্জুরুল কিবরীয়া, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মুহাম্মদ মোহসিন চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আলী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ইউএই–এর পরিচালক, মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ নিজাম উদ্দীন চৌধুরী।

প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মো. আরমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক শাহ আলম, শাহজাদা ছৈয়দ মকছুদুল আলম, সাধারণ সম্পাদক মঈনউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক চৌধুরী, রাকিবুল হাসান, রবিউল হোসেন, শিক্ষার্থী রিজা আক্তার, সামিয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রফেসর মঞ্জুরুল কিবরীয়া বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে পাঠ্যবইয়ের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রাক্তন ছাত্র সমিতির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই উপকূলে শুভ্র কাশবন,দেখতে আসছেন দর্শনার্থীরা
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা