কর্ণফুলী উপজেলার শিকলবাহা আবদুল জলিল চৌধুরী কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেলে কলেজের সামনে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি চট্টগ্রাম জেলার শাহ আমানত সেতু থেকে শুরু হয়ে কক্সবাজার সদর পর্যন্ত প্রায় ১৪০ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। এ অংশের মধ্যেই রয়েছে বিভিন্ন জনবহুল এলাকা। বক্তারা বলেন, শাহ আমানত সেতু উদ্বোধনের পর থেকে এই সড়কে যানবাহনের চাপ দ্বিগুণের বেশি বেড়েছে। এ সড়কে দিনরাত যানজট লেগেই থাকে। প্রতিদিনই ঘটছে ছোট–বড় দুর্ঘটনা। তাই নাগরিক নিরাপত্তা বাড়াতে অবিলম্বে শিকলবাহা আবদুল জলিল চৌধুরী কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি। মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে শিক্ষক–শিক্ষিকা, অভিভাবকসহ স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশ নেন। মানববন্ধন চলাচলকালে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল।













