মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে চট্টগ্রামের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্থবিরতা অব্যাহত রয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে আন্তর্জাতিক রুটের ফ্লাইট ক্রমাগতভাবে বাতিল করা হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সারাদিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস–বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সব মিলিয়ে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৮টি এরাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট গতকাল চলাচল করেছে।
অন্যদিকে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস–বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও কাটেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই সংকটের মধ্যে আজকের ৭টি বাতিল ফ্লাইটসহ মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।












