শান্তির হাটে মহাসড়কে যানজট, যাত্রীদের দুর্ভোগ

ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ার শান্তির হাটের পশ্চিম পাশে একটি ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইনের কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফিলিং স্টেশনটিতে বিকেল ৪টা পর্যন্ত তেল নিতে আসা গাড়িগুলো সড়কের উপর এলোপাতাড়ি করে রাখায় মারাত্মক যানজটের সৃষ্টি হয়। সড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হলেও এ বিষয়ে অবগত ছিল না ক্রসিং হাইওয়ে পুলিশ। যার ফলে মানুষকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার ডিডি ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে তেল নিতে আসা ট্রাক, পিকআপ, হাইচ, নোহা, মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহন এলোপাতাড়িভাবে সড়কে লাইন ধরে। যার কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন হওয়ায় অফিস ফেরত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। যদিও ফিলিং স্টেশনের ম্যানেজার সুবল চৌধুরী যানজটের বিষয়টি অস্বীকার করেন।

স্থানীয় ও পথচারীদের অভিযোগ, এ ফিলিং স্টেশনে সব সময়ই তেল নিতে আসা গাড়িগুলো এলোপাতাড়িভাবেই রাখা হয়। যার কারণে মহাসড়কের উপর যানজটের সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগ হলেও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না। স্থানীদের আরো অভিযোগ, ওই ফিলিং স্টেশন থেকে মাত্র আধা কিলোমিটার অদূরে হাইওয়ে ক্রসিং পুলিশের থানা থাকলেও মহাসড়কে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের কোনো সদস্যকে দেখা যায় না। এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হারুন জানান, আসলে বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তাছাড়া এ বিষয়ে কেউ আমাদের জানায়নি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ হাজার টন ফার্নেস অয়েলের চালান এসেছে বন্দরে
পরবর্তী নিবন্ধগর্তের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু