শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

‘ভিসি পুনর্বহালের আন্দোলন চলবে’

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্যকে প্রত্যাহারের এক দফা দাবিতে আন্দোলন ও নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাস–কেন্দ্রিক কার্যক্রমে পূর্ণাঙ্গ অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে শিক্ষার্থীদের দেওয়া এক খোলা চিঠি এবং শিক্ষক সমিতির ৪র্থ সাধারণ সভার সিদ্ধান্ত থেকে এ তথ্য জানা যায়। শিক্ষার্থীদের খোলা চিঠিতে বলা হয়, দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থায় তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা আর পড়াশোনার ক্ষতি বাড়াতে চান না, বরং দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করে শ্রেণিকক্ষে ফিরতে চান।

তবে ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তারা জানান, সাবেক ভিসিকে পুনর্বহালের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একই সাথে নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বার নাইন মিহাদ বলেন, দীর্ঘদিন ক্লাস–পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আমরা চাই, দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক। আমরা সংঘাত নয়, সংকটের সম্মানজনক সমাধান চাই। আশা করি, আমাদের শিক্ষাজীবন সচল রাখার পাশাপাশি দাবির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

একই বিভাগের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ক্লাস–পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ক্লাসে ফেরা মানে আমাদের ন্যায্য দাবি থেকে সরে আসা নয়। সায়েম স্যারের পুনর্বহালের দাবিতে আমাদের আন্দোলন চলবে।

এদিকে গতকাল সকালে চুয়েট অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছানের সঞ্চালনায় শিক্ষক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবন প্রলম্বিত না করতে এবং দ্রুত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সমিতির সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষক সমিতির কার্যবিবরণী ও সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বঘোষিত কর্মসূচি বহাল রেখে নবনিযুক্ত উপাচার্যের সাথে পূর্ণাঙ্গ অসহযোগ অব্যাহত রেখে শিক্ষকেরা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন। তবে নবনিযুক্ত উপাচার্য কর্তৃক ক্যাম্পাস–কেন্দ্রিক যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্বঘোষিত কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কঠোরভাবে পালিত হবে। একাডেমিক কার্যক্রম চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, ছাত্রকল্যাণ দপ্তর ও হল প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বহিরাগতদের প্রবেশ রোধে প্রধান ফটক বন্ধ ও আনসার বাহিনীর নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন যৌথ সভা শেষেও একই সিদ্ধান্তের কথা জানায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসনে গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি আগামী বুধবার চুয়েট পরিদর্শনে আসছে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিটির সদস্যরা পৃথক সময়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নিয়োগের ৫৬ দিনের মাথায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতি পালন করে আসছে শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তারা। এর মধ্যে গত ১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করে ভবনের তালা ভেঙে দপ্তরে ঢুকলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন এবং পরদিন প্রশাসনের সহায়তায় তিনি ক্যাম্পাস ছাড়েন। পরবর্তীতে গত ১৬ অক্টোবর অনলাইন সিন্ডিকেট সভায় অচলাবস্থা নিরসনে ইউজিসির মাধ্যমে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। টানা আন্দোলনের কারণে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন
পরবর্তী নিবন্ধ৪ দিনের জাপান সফরে প্রধানমন্ত্রী