অবশেষে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্য একসঙ্গে প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেখা যাচ্ছে, শহরের চেয়ে গ্রামে এবং খাবারের চেয়ে জীবন চালানোর অন্যান্য খাতে মানুষের খরচ বেড়েছে বেশি। খবর বিডিনিউজের। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, আগস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। আর সেপ্টেম্বরে এই হার হয়েছে ৯ দশমিক ১০ শতাংশ। তার মানে গত বছরের সেপ্টেম্বরে মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিলেন, সেই একই পণ্য বা সেবার জন্য এ বছরের সেপ্টেম্বরে খবর হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৬ শতাংশ, সেপ্টেম্বরে এই হার ৫ দশমিক ৫৯ শতাংশ ছিল।













