শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত : তাহের

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদে নিজেদের ‘শক্তিশালী’ বিরোধী দলের ভূমিকায় রাখার কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশ ‘বিনির্মাণে’ আগামীতে বিএনপির সঙ্গে কাজ করার কথাও বলেছে দলটি। গতকাল রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সাংবাদিকদের সামনে এ মনোভাব তুলে ধরেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। খবর বিডিনিউজের।

এর আগে জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির সরকার গঠনের প্রস্তুতির মধ্যে এ সাক্ষাতে গেলেন তারেক রহমান। বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে এ সাক্ষাৎ হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাহের। তিনি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ আচরণ বজায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে দুই দল। তারেক রহমান ও জামায়াত আমিরের এ সাক্ষাৎকার আগামীর রাজনীতিতে ইতিবাচক অবস্থা তৈরি করবে।’

জামায়াতের এ নেতা আরও বলেন, ‘আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ আচরণ থাকবে, যা আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। নিজেদের মধ্যে ঝামেলা হলে ইতিবাচক আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আগামী সরকার যেন কাজ করে।’

পূর্ববর্তী নিবন্ধমায়ের সাথে বাড়ি ফিরছিল শিশুটি, বাইকের ধাক্কায় মৃত্যু
পরবর্তী নিবন্ধকে পাচ্ছেন পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব ?