মেটা প্রধান মার্ক জাকারবার্গ ও সামাজিক মাধ্যম এক্স–এর মালিক ইলন মাস্কের সম্ভাব্য ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ওই কথার লড়াইকে আরও এগিয়ে নিলেন এক্স প্রধান।
মাস্ক বলেন, ফেসবুক সিইও’র সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে তিনি টেসলা গাড়ি চালিয়ে জাকারবার্গের বাড়িতে যাবেন। এর পরপরই জাকারবার্গ জবাবে বলেন, তিনি শহরের বাইরে আছেন। খবর বিডিনিউজের।
সামাজিক মাধ্যম এক্স–এ এই সম্ভাব্য লড়াই নিয়ে নিজের সর্বশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক। এর আগে অবশ্য জাকারবার্গ ঘোষণা করেন, তিনি এই লড়াই থেকে সরে আসছেন কারণ মাস্ক লড়াই নিয়ে সিরিয়াস নন।
পরবর্তীতে কয়েকটি পোস্টে জাকারবার্গের ‘লড়াই থেকে সরে আসা নিয়েও’ খোঁচা দিয়েছেন মাস্ক। তিনি লেখেন, শীঘ্রই জাক হুমকি দেবে, সে যেকোনো সময় লড়াই করতে প্রস্তুত। এ ছাড়া, ইউএফসি’সহ অনেক অপ্রাসঙ্গিক কথাই বলবে সে। তবে জাকারবার্গের এক মুখপাত্র বলেন, মাস্কের ওই যাত্রা ভিত্তিহীন কারণ মেটা প্রধান বাড়িতেই নেই। মার্ক এখন বাইরে আছেন। আর তিনি পালো আল্টোতে নেই। মার্ক এই খেলা নিয়ে অনেক সিরিয়াস। তবে, হঠাৎ করে কেউ তার বাড়িতে এলেই তিনি লড়াই করবেন, বিষয়টি এমন নয়।












