লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত নাছির উদ্দিন (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাছির উদ্দিন উপজেলার চুনতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আহমেদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি বাজার এলাকায় হঠাৎ বিজিবির গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি টেক্সিকে ধাক্কা দেয়। এ সময় নাছির ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পরে টেক্সির ধাক্কায় পথচারী নাছির মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীতে প্রেরণ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুল মাবুদ রয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা টেক্সিকে ধাক্কা দেয়। পরে টেক্সিটি পথচারী নাছির উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ এলাকায় দাফন করা হবে।












