লোহাগাড়ায় এক প্রবাসীর বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান বাইন্যা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রবাসী হেলাল উদ্দিন একই এলাকার ইব্রাহিম সওদাগরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার রাতে চোরেরা বসতঘরের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ওই কক্ষে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। বসতঘরের অন্য কক্ষে পরিবারের লোকজন থাকলেও চুরির বিষয়টি তারা টের পাননি। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে ওই কক্ষে প্রবেশ করলে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ওই কক্ষের আলমিরায় পরিবারের সদস্যদের সব স্বর্ণালংকার রাখা ছিল। চোরেরা আলমিরা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










