লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রীর

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৩:৩৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এই ঘটনা ঘটে।

তহুরা একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে।

এই সময় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমদ হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি হাটবারে বিভিন্ন এলাকা থেকে গরু বিক্রি করতে তেওয়ারি হাট বাজারে বেপারীরা। ঘটনাস্থলে জসিম উদ্দিন নামে এক বেপারী গাড়ি থেকে নামিয়ে গরুকে রশি দিয়ে খুঁটির সাথে আটকে রাখে।

এ সময় হঠাৎ একটি গরু উত্তেজিত হয়ে রশি ছিঁড়ে পালানোর সময় স্কুলছাত্রী তহুরাকে পেছনে শিং দিয়ে আঘাত করে। এতে সে সড়কের পাশে পাকা পিলারের সাথে ধাক্কা লেগে মাথায় গুরতর আঘান পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। তহুরা পদুয়াস্থ আলফা একাডেমি কোচিং সেন্টারে ক্লাস করতে যাচ্ছিল।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ারা সাদিয়া জানান, মাথায় আঘাতপ্রাপ্ত এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।

পূর্ববর্তী নিবন্ধমক্কায় সড়ক দুর্ঘটনায় পটিয়ার প্রবাসী নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ