লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটার সময় বিক্ষুব্ধ জনতা একটি এক্সকেভেটর ও একটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। গত বুধবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুড়ে যাওয়া এক্সকেভেটর ও ডাম্প ট্রাক মালিকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালিপাড়া এলাকার একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নেওয়া হচ্ছিল। এতে পরিবেশ ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। এর একপর্যায়ে বুধবার রাতে মাটি কাটার সময় বিক্ষুব্ধ জনতা একটি এক্সকেভেটর ও একটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন রাতের আঁধারে একটি চক্র নির্বিচারে কৃষিজমির টপসয়েল ও পাহাড়–টিলা কাটছে। প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে বাধা দিলে সাধারণ মানুষকে মারধরের শিকার হতে হয় বলেও তারা জানান।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত এক্সকেভেটর ও ট্রাক দুটি সেখানেই রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












