সিরিয়ার সঙ্গে লেবাননের সীমান্তে একটি গাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়টি এক বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, সোমবার স্থানীয় সময় সকালে আকাশপথে হামলাটি চালানো হয়। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক, তার নাম খালেদ মোহাম্মদ আল–আহমদ। সামাজিক মাধ্যমে এঙ এ এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) এর সদস্যদের লক্ষ্যস্থল করে হামলাটি চালানো হয়েছে। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বেকা উপত্যকার কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট মাজদাল আনজার শহরে অভিযানটি চালানো হয়েছে। এই হামলার বিষয়ে পিআইজে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। পিআইজে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজায় হামাসের পাশাপাশি তারাও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। পিআইজে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এর কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে তাদের পুরোদস্তুর লড়াই শুরু হয়ে যায়। ইসরায়েল রাজধানী বৈরুতসহ লেবাননে ব্যাপক হামলা চালিয়ে হিজবুল্লাহকে দুর্বল করে ফেলে। এর ফলে একরকম বাধ্য হয়ে ২০২৪ এর নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করে হিজবুল্লাহ। কিন্তু জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।











