লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের দুজনের মৃত্যু, পরিবারে আহাজারি

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক মারা গেছে বলে পরিবারের কাছে খবর এসেছে। ২৫ মার্চ খবর আসার পর থেকে এসব পরিবারে চলছে শোকের মাতম। তারা স্বজনের মরদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। যাদের মারা যাওয়ার খবর পরিবার পেয়েছে তারা হলেনকালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি এলাকার কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (২৫) এবং ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বিনতিলুক এলাকার প্রয়াত সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩৫)। প্রথমে তাদের মৃত্যুর বিষয়টি দালালরা গোপন রাখে। ইলিয়াসের পরিবার সরাসরি দালালের কাছ থেকে তার মৃত্যুর খবর পেয়েছে। আর লিবিয়ায় বন্দিশালায় আটকে থাকা লোকজনের মাধ্যমে ফারুকের মৃত্যুর খবর এসেছে। খবর বিডিনিউজের।

পরিবার জানায়, উন্নত জীবনের আশায় প্রায় তিন বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গিয়েছিলেন ইলিয়াস। সেখান থেকে বাংলাদেশি এক দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে গত বছরের অগাস্টের শুরুতে ইউরোপের উদ্দেশে কাতার থেকে দালালের সহযোগিতায় লিবিয়ায় পৌঁছান ইলিয়াস। সেখানকার একটি বন্দিশালায় ইলিয়াসকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন দালাল চক্রের সদস্যরা। ২৩ মার্চ ওই বন্দিশালায় দালালের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে মারা যান ইলিয়াস। পরে স্থানীয় এক দালালের মাধ্যমে ইলিয়াসের মৃত্যুর খবর পায় পরিবার। এর পর থেকে পরিবারের চলছে মাতম।

ডাসার উপজেলার বিনতিলুক এলাকার বাসিন্দা ফারুক হাওলাদার লিবিয়ার বন্দিশালায় দালালের নির্যাতনে মারা গেছেন ১৮ মার্চ। পরিবার ফারুকের মৃত্যুর খবর পেয়েছে ২৫ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উযদাপন
পরবর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে