র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে, বিরোধীদের আপত্তি

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উঠেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলের বিরোধিতা করে বিরোধী দলের নেতারা বলেছেন, এখানে র‌্যাবের জনবল দিয়ে একই ধরনের আরেকটি বাহিনী গঠনের কথা বলা হচ্ছে। ফলে মানুষের কাছে র‌্যাবকে নতুন নামে ফিরিয়ে আনার ধারণা তৈরি হতে পারে ভাষ্য তাদের।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হলে ২০০৩ সালের আইনে র‌্যাব গঠনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশে যেসব বিধান যুক্ত করা হয়েছিল, সেগুলো বাতিল হবে। একই সঙ্গে র‌্যাবের জনবল, সম্পদ, অর্থ, দায়, চুক্তি, নথিপত্রসহ সবকিছু এসআরবির কাছে চলে যাবে। খবর বিডিনিউজের।

সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি মাদক, সাইবার অপরাধ, গুম, ভূমি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অপহরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে নতুন বাহিনীকে। বিলটি পরীক্ষা করে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলে বলা হয়েছে, জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন।

বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও নতুন আইন করার উদ্দেশ্য। প্রস্তাবিত আইনে এসআরবিকে সরাসরি পুলিশ বাহিনীর আওতায় রাখা হয়েছে। এর সদর দপ্তর থাকবে ঢাকায়। সরকারের অনুমতি নিয়ে দেশের অন্য জায়গাতেও দপ্তর করা যাবে।

পুলিশ, অন্যান্য শৃঙ্খলা বাহিনী ও সংস্থা থেকে কর্মকর্তা ও সদস্য পদায়ন বা প্রেষণে এনে ইউনিট গঠন করা যাবে। এসআরবির মহাপরিচালক হবেন বাংলাদেশ পুলিশের অন্তত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। পুলিশ মহাপরিদর্শকের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে মহাপরিচালকের আদেশে বাহিনীর কার্যক্রম পরিচালিত হবে। মহাপরিচালক প্রশাসনিক, আর্থিক ও অভিযান পরিচালনার ক্ষমতা প্রয়োগ করবেন। প্রয়োজন অনুযায়ী এসআরবিতে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে হলের সিট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
পরবর্তী নিবন্ধএলএনজির পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় চট্টগ্রামে গ্যাস সংকট