রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে আরও একজন আটক

চারটি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ জব্দ

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে অস্ত্র সরবরাহকালে অস্ত্র–গোলাবারুদসহ আরও একজনকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, একটি থ্রি কোয়ার্টার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব–১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। তিনি জানান, আটক মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার ক্যাম্পে অস্ত্র নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় তিনজনকে আটক করে র‌্যাব–১৫। অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এসময় র‌্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় আরিফ হোসেনকে একজনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা রজু করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, আরসা সংগঠনকে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করছি আমরা। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা লিপ্ত তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে চুলার আগুনে পুড়ল তিন ভাইয়ের বসতঘর
পরবর্তী নিবন্ধকক্সবাজার পৌরসভার নির্বাচন ১২ জুন