রেলের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে

পূর্বাঞ্চলে প্রতিদিন ১৬ ট্রেনের ৮ হাজার টিকিট বিক্রি হবে, শতভাগ অনলাইনে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মে, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের মাঝে আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে অনলাইনে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৫ দিন। এছাড়া ঈদ শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। আবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন যাত্রীদের মাঝে ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়া ঈদের দুদিন আগে থেকে চট্টগ্রামচাঁদপুর রুটসহ বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে।

রেল ভবন থেকে জানা গেছে, আগামী ১৩ মে যাত্রীদের মাঝে দেওয়া হবে ঈদযাত্রার ২৩ মে’র অগ্রিম টিকিট। পরদিন ১৪ মে যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ২৪ মে’র অগ্রিম টিকিট। ১৫ মে যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ২৫ মে’র অগ্রিম টিকিট। ১৬ মে পাওয়া যাবে ২৬ মে’র অগ্রিম টিকিট। এরপর ১৭ মে’র টিকিট পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।

ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়, একজন যাত্রী ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করতে হবে। ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লেখিত তারিখ অনুযায়ী যথারীতি সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, প্রতিবারই ঈদে ঘরমুখো যাত্রীদের মাঝে পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়। ঈদুল ফিতরে প্রতিদিন ৮ হাজারের মতো অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল। এবার ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের মাঝে ১৬টি ট্রেনের ৮ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। স্পেশাল এবং মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটসহ মিলে ঈদে প্রতিদিন প্রায় ১২ হাজারের বেশি ঈদযাত্রায় বাড়ি ফিরতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত শাটলে ঢিল, রক্তাক্ত চবি ছাত্রী অজ্ঞান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের এসপি হলেন ডিএমপির ডিসি মাসুদ আলম