বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গতকাল শুক্রবার আরো ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে রেলওয়ে পাবলিক হাই স্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। ড্র হয়েছে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের মধ্যকার ম্যাচটি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের মধ্যকার খেলাটি ১–১ গোলে ড্র হয়। গরীবে নেওয়াজ স্কুলের পক্ষে মো. জিহাদ ও মিউনিসিপ্যাল স্কুলের পক্ষে হৃদয় রহমান গোল করেন।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মিউনিসিপ্যাল স্কুলের মো. তাসিন আহমেদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতী খেলোয়াড় কাজী মিজানুর রহমান। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় রেলওয়ে পাবলিক হাই স্কুল ১–০ গোলে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা তাওহিদ। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে পাবলিক হাই স্কুলের গোলরক্ষক অর্পিত দে’র হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৪–০ গোলে ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইয়ামিন, এহেতেশাম, নাহিদুল ইসলাম এবং আদনান প্রত্যেকে ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ নাসিরাবাদ স্কুলের নাহিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসকান্দর মির্জা। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১–০ গোলে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন শাহাদাত হোসেন আরফিন। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের শাহাদাত হোসেন আরফিনের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা।











