টি–টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের বিধ্বংসী উদ্বোধনী জুটিতে ভর করে গতকাল গ্রুপ ‘ডি’র ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে কিউইরা। মাত্র ১৫.২ ওভারে ১৭৪ রানের লক্ষ্য অনায়াসে টপকে গিয়ে এই জয় অর্জন করে তারা। এর আগে টসে ব্যাট করতে নেমে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়ে আমিরাত। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের অপরাজিত ৬৬ ও আলিশান শারাফুর ৫৫ রানের ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে দলটি। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন সেইফার্ট ও অ্যালেন। ৯২ বলে গড়া তাদের ১৭৫ রানের অপরাজিত জুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যে কোনো উইকেটের সর্বোচ্চ পার্টনারশিপ। টিম সেইফার্ট ৪২ বলে অপরাজিত ৮৯ রান করেন, অন্য প্রান্তে ফিন অ্যালেন খেলেন ৫০ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস। আমিরাতের বোলারদের মধ্যে কেবল বাঁহাতি স্পিনার হায়দার আলি কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। তবে অন্য বোলাররা লেন্থে ভুল করে নিয়মিত বাউন্ডারি হজম করেন। সেইফার্ট হায়দারের বিপক্ষে রিভার্স সুইপে ছক্কা ও চার হাঁকিয়ে দর্শকদের মুগ্ধ করেন। আর অ্যালেন শুরুতেই মিডিয়াম পেসার জুনায়েদ সিদ্দিকির বলে ফাইন লেগের ওপর দিয়ে স্কুপ শটে ছক্কা মারেন। এই ইনিংসের মধ্য দিয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন ফিন অ্যালেন। এর আগে আমিরাতের ইনিংসে ওয়াসিম ও শারাফু দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। জ্যাকব ডাফির বলে আরিয়ান শর্মা দ্রুত ফিরে গেলেও ওয়াসিম ছিলেন আক্রমণাত্মক। রাচিন রবীন্দ্র ও ডাফির বলে পরপর ছক্কা হাঁকান তিনি। শারাফু নিজের ফিফটি পূর্ণ করেন ম্যাট হেনরির স্লোয়ারে স্লগ শটে। পঞ্চদশ ওভারে মার্ক চ্যাপম্যানের দুর্দান্ত বাউন্ডারি ফিল্ডিংয়ে জুটি ভাঙে। এরপর রান গতি কমে যায়। শেষ দিকে গ্লেন ফিলিপসের একটি ওভার থেকে ২৭ রান পেলেও শেষ পাঁচ ওভারে ৫১ রান তুলতে গিয়ে চার উইকেট হারায় আমিরাত।












