রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

পাঁচদিনে ঢাকা থেকে সৌদির বিভিন্ন রুটে ১০৩টি ফ্লাইট বাতিল

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দেশটির দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে গতকাল বৃহস্পতিবার বিকালে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

বিমান বলছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যাত্রী চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করারও অনুরোধ করা হয়েছে। বিমান ছাড়াও দেশের আরেক উড়োজাহাজ সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইন্সও আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ রুটে সব ফ্লাইট বাতিল করেছে।

ঢাকা থেকে গত পাঁচদিনে ১০৩ ফ্লাইট বাতিল : সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে গত শনিবার থেকে ইয়েমেনের স্বশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে এ পর্যন্ত মোট ১০৩ ফ্লাইট বাতিল স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে গত পাঁচদিনে এ পর্যন্ত ৪২টি সরাসরি ফ্লাইট এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস–বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৮টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ার ৭টি, কাতার এয়ারওয়েজ ৮টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে একদিনে আরও ১০ মৃত্যু