রিমান্ডে কৌশলে তথ্য লুকিয়েছেন ডন, পাঠানো হল কারাগারে

সালমান শাহ হত্যা

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান বুধবার ডনকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামি ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তথ্য প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলমের। খবর বিডিনিউজের।

এর আগে আদালতে আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, রিমান্ডে ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। তবে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। মামলা সংক্রান্ত সেসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। সে জন্য তাকে আবার জিজ্ঞাসাবাদ করার দরকার হতে পারে। মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

বিদেশ যাওয়ার চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৯ অগাস্ট ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট ডনের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মজিবুর রহমান। ২৭ আগস্ট আদালত ডনের ৫ দিনের রিমান্ডের আদেশ দেয়।

বুধবার ইন্সপেক্টর মজিবুর রহমান আদালতে তার আবেদনে দাবি করেন, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ডন ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত তার সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ডন তাদের চেনেন বলে প্রকাশ করলেও অনেক তথ্য গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আসামি একত্রে চলাফেরা করার কারণে তার সব তথ্য জানতেন। সালমান শাহর মৃত্যুর বিষয় ও মামলার ঘটনা সংক্রান্তে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অত্যন্ত কৌশলে কথা বলেন। তবে মামলার ঘটনার আগে, পরে ও ঘটনার সময় আসামির আচারআচরণে, চালচলনে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। যেহেতু মামলার ঘটনাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চলকর ঘটনা। সেহেতু মামলা সংক্রান্তে পাওয়া সকল তথ্য যাচাই করা হচ্ছে। আসামি অত্যন্ত চতুর ও দুর্দান্ত প্রকৃতির লোক হওয়ায় ঘটনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে আসামিকে আবার আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচুরি করতে ঢুকে ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধমোহাম্মদ মনজুর আলম জামেয়ার নতুন চেয়ারম্যান