রিটার্ন দিলেই ২০০০ টাকা কর কেন ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএনের বিপরীতে দুই হাজার টাকা ন্যূনতম কর আদায়ের প্রস্তাবটিকে কেউ কেউ বৈষম্যমূলক বললেও এ নিয়মে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি হবে না বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলছেন, যাদের ক্ষেত্রে টিআইএন থাকা বাধ্যতামূলক, সেই শ্রেণির মানুষদের জন্য এই ন্যূনতম কর বোঝা হওয়ার কথা নয়। খবর বিডিনিউজের।

গতকাল শুক্রবার বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। ২০২৩২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব গত বৃহস্পতিবার জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবে তিনি বলেন, অংশীদারিত্বমূলক অংশগ্রহণ দেশের জনসাধারণের মাঝে সঞ্চারণের লক্ষ্যে করমুক্ত সীমার নিচে রয়েছে, অথচ সরকার হতে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছেএমন সকল করদাতার ন্যূনতম কর ২ হাজার টাকা করার প্রস্তাব করছি।

এর প্রতিক্রিয়ায় গতকাল এক বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, করমুক্ত আয় সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করার বিষয়টি ‘ভালো’ হলেও ন্যূনতম দুই হাজার টাকা করারোপের প্রস্তাবটি ‘বৈষম্যমূলক’। কারো যদি আয় সাড়ে তিন লাখের নিচেও হয়, তাহলে সরকারি ৩৮টি সেবা নিতে টিন লাগবে। করযোগ্য আয় না থাকলেও তাকে দুই হাজার টাকা দিতে হবে। মানুষকে স্বস্তি দিতে এখানে করমুক্ত আয় বাড়িয়ে আবার যার করযোগ্য আয় নেই তার উপর দুই হাজার টাকার কর আরোপ করা এটা কীভাবে যুক্তিযুক্ত হয় তা আমরা খুঁজে পাই না। তিনি বলেন, যে কর দেওয়ার যোগ্য, ক্ষমতাআয় আছে সেই তো কর দেবে, কিন্তু যার নাই তার ওপর আবার বসিয়ে দিলাম।

পূর্ববর্তী নিবন্ধডেইলি মিররের প্রকাশকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হ্যারি
পরবর্তী নিবন্ধতিন কিলোমিটারে শত গর্ত দেড় যুগ ধরে হয়নি সংস্কার