রিকশা চালকের হারিয়ে যাওয়া দুই শিশু সন্তানকে উদ্ধার করেছে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির এএসআই রুবেল বড়ুয়া। পরবর্তীতে তাদের রিকশা চালক মোমিনের হাতে তুলে দেন তিনি। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এএসআই রুবেল বড়ুয়া জানান, মোটরসাইকেলে পেট্রোল ডিউটি করার সময় বিকেল চারটার দিকে অর্কিড প্লাজার বিপরীতে দুই শিশুকে কাঁদতে দেখে গাড়ি থামিয়ে তাদের কাছে যাই। পরে তাদের জিজ্ঞাসা করলে তারা তাদের নাম তৃপ্তি ও লাইসা বলে জানায়। তবে কোথা থেকে আসছে কোথায় যাবে সেটা বলতে পারছে না। শুধু বলছে আমরা মার সাথে এসেছি কিন্তু এখন মাকে হারিয়ে ফেলেছি। তারা শুধু বললো তার বাবার নাম মোমিন। সে রিকশা চালায়। পরে আমি তাদের পুলিশ বঙে রেখে বেতারের মাধ্যমে চকবাজার ও বাকলিয়া থানায় জানিয়ে দিলাম দুটি শিশু পাওয়া গেছে। কেউ খুঁজতে আসলে যেন কোতোয়ালী থানায় পাঠানো হয়। পরে আমি আশেপাশের সকল রিকশা গ্যারেজে জানিয়ে আসলাম। তিন ঘণ্টা পরও কেউ না এলে আমি দুজনকে কোতোয়ালী থানায় নিয়ে যাই। পরে রাত ৯টার সময় শিশু দুটির বাবা থানায় আসেন। বাবাকে দুজনে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। রিকশা চালক মোমিনকে তার দুই সন্তান ফিরিয়ে দিয়ে আমরাও আনন্দিত।














