রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ভাই

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন দুই ভাই। গত শনিবার সকালে তারা প্যারোলে মুক্তি পেয়ে দুপুরে মায়ের জানাজায় অংশ নেন। দুই সহোদর হলেন: উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের নূর আহমদের ছেলে ফরিদুল আলম ও মো. ইসমাঈল। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উভয়ে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কক্সবাজার কারাগারে বন্দি আছেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, দুই সহোদরের মা মোস্তফা বেগম (৮০) শুক্রবার রাতে মারা যান। তাদের মায়ের মৃত্যুতে নবী হোসেন নামে এক স্বজন শনিবার সকালে আদালতে প্যারোলে মুক্তির আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে তাদের প্যারোলে মুক্তির আদেশ দেন। পরবর্তীতে শনিবার তাদের কারাগার থেকে জানাজায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। এদিন দুপুরে পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় জানাজায় অংশ নেন দুই সহোদর। জানাজায় হাতকড়া পরিহিত অবস্থায় কান্নাজড়িত কণ্ঠে ফরিদুল আলম ও মো. ইসমাঈল দাবি করেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তারা কখনো কারও ক্ষতি বা অন্যায় করেননি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুইভাইকে জানাযায় নেয়া হয়। আদালতের নির্দেশান অনুযায়ী হাতকড়া পরা অবস্থায় তাদের জানাযায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। জানাযা শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হাতকড়া পরে মায়ের জানাজায় প্রবাসী