রামুতে বিজিবি কোয়ার্টারে কর্মকর্তার মেয়ের ঝুলন্ত লাশ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

রামুতে বিজিবির সরকারি ফ্যামিলি কোয়ার্টার থেকে বিজিবির এক কর্মকর্তার মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নে রামু ব্যাটালিয়ন৩০ বিজিবির জেসিও কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) ওই ব্যাটালিয়নের জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) সুবেদার মেজর মো. বজলুর রশিদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবার কোয়ার্টারে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন রাবেয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার উপপরিদর্শক (এসআই) রাহুল রায় জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস ধরে রাবেয়া বাবার বাসায় অবস্থান করছিলেন। তার দুটি ছেলে সন্তান রয়েছে। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহিজরা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধমাদক সেবন দেখে ফেলায় শিশুকে বিষপানে হত্যাচেষ্টা